NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

শিরোনাম: ছাগল পালন করে স্বাবলম্বী, জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেলেন বিউটি বেগম

জয়পুরহাট প্রতিনিধি:

পরিশ্রম, উদ্যোগ ও আত্মবিশ্বাসকে পুঁজি করে ছাগল পালন ও প্রজননের মাধ্যমে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রান্তিক নারী উদ্যোক্তা বিউটি বেগম। প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এর স্বর্ণপদক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে স্বর্ণপদক ও সম্মাননা তুলে দেন।

বিউটি বেগম ক্ষেতলাল উপজেলার বজরবরাহী গ্রামের বাসিন্দা। স্বামী তোতা মিয়াকে সঙ্গে নিয়ে ছোট পরিসরে ছাগল পালন ও প্রজননের কাজ শুরু করেন তিনি। শুরুতে তোতাপুরী ও রাম জাতের দুটি ছাগলের পাঁঠা দিয়ে প্রজনন কার্যক্রম পরিচালনা করতেন তাঁরা।

পরবর্তী সময়ে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসো’র আর্থিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেয়ে উদ্যোগটি আরও বিস্তৃত করেন। উন্নত জাতের ছাগল যুক্ত করে গড়ে তোলেন বাণিজ্যিক খামার ও প্রজনন কেন্দ্র। ধীরে ধীরে তাঁদের এই উদ্যোগ সফলতার মুখ দেখে।

বিউটি বেগমের কাজ স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের নজরে এলে সফল উদ্যোক্তা হিসেবে তাঁর নাম জাতীয় পর্যায়ে পাঠানো হয়। পরে দেশের বিভিন্ন এলাকার উদ্যোক্তাদের মধ্য থেকে তাঁকে স্বর্ণপদকের জন্য নির্বাচিত করা হয়।

পুরস্কার অর্জনের পর নিজের অনুভূতি প্রকাশ করে বিউটি বেগম জানান, এই স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে। পুরস্কারের সঙ্গে পাওয়া অর্থও তিনি ছাগলের পাঁঠার খামারের উন্নয়নে ব্যয় করতে চান।

ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক মিয়া জানান, জাতীয় পর্যায়ে আটটি ক্যাটাগরিতে মোট ২৩ জন সফল উদ্যোক্তাকে প্রাণিসম্পদ পদক দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে বিউটি বেগম স্বর্ণপদক অর্জন করেছেন।

একটি ছোট উদ্যোগ থেকে জাতীয় পর্যায়ের স্বীকৃতি অর্জনের এই গল্প প্রমাণ করে, পরিকল্পিতভাবে প্রাণিসম্পদ খাতে কাজ করলে প্রান্তিক পর্যায় থেকেও সফলতা অর্জন সম্ভব। বিউটি বেগমের এই অর্জন গ্রামীণ নারী উদ্যোক্তা ও খামারিদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *