NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

পর্যায়ক্রমে দেশের সব মাদ্রাসায় চালু হবে মিড-ডে মিল: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | নোয়াখালী খবর এক্সপ্রেস

দেশের সব মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরাও দুপুরের খাবারের সুবিধা পাবে। পাশাপাশি ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য পোশাক, স্কুলব্যাগ ও জুতা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদার এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন।

লিখিত প্রশ্নে তিনি জানতে চান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পোশাক, ব্যাগ, জুতা ও মিড-ডে মিলের সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা কেন একই সুবিধা থেকে বঞ্চিত থাকবে। তাদের জন্যও এসব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে কি না।

জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও খাদ্যকে অগ্রাধিকার দিয়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদেরও প্রয়োজনীয় সুবিধা দিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ‘মাদ্রাসা এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট প্রোগ্রাম’ নামে একটি স্কিম প্রণয়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, এ স্কিমের আওতায় ২০২৬-২০৩১ অর্থবছরের মধ্যে দেশের সব মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল চালু করা হবে। এর মধ্যে ইবতেদায়ি মাদ্রাসাও অন্তর্ভুক্ত থাকবে। ধাপে ধাপে সব মাদ্রাসার শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি বাড়াতে সহায়ক হতে পারে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা এ কর্মসূচি থেকে উপকৃত হওয়ার সুযোগ পাবে।

সূত্র: নিউজবিডিসি, শিক্ষা সংবাদ ও আপন দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *