নিজস্ব প্রতিবেদক | শিক্ষা
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আগামী ২ ডিসেম্বর এসব শিক্ষার্থীর পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।
একই দিনে এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলও প্রকাশ করা হবে। শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন ও যাচাই কার্যক্রম শেষ হলে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানানো হবে।
তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ভর্তির আবেদন গ্রহণের শেষ সময় ২৫ নভেম্বর নির্ধারিত রয়েছে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর নতুন করে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা যাতে আবেদন করতে পারেন, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২ শতাংশ। অন্যদিকে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে উচ্চশিক্ষায় প্রায় ১৫ লাখ আসন খালি রয়েছে। পাস করা শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় ভর্তির পর্যাপ্ত সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষার্থীদের দীর্ঘ সেশনজট থেকে মুক্ত রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শও দিয়েছেন শিক্ষামন্ত্রী।
নোয়াখালী খবর এক্সপ্রেস সত্যের সন্ধানে অবিচল
















Leave a Reply