NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

বেগমগন্জ চৌমুহনী আপার মডেল কলেজে পাঁচ পরীক্ষার্থীর সবাই ফেল, শিক্ষা কার্যক্রম নিয়ে প্রশ্ন


নোয়াখালী প্রতিনিধি | নোয়াখালী খবর এক্সপ্রেস
বেগমগঞ্জ: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে কাগজে-কলমে অস্তিত্ব থাকলেও বাস্তবে কোনো ক্যাম্পাস বা শিক্ষা কার্যক্রমের হদিস মেলেনি ‘আপার মডেল কলেজ’ (Upper Model College) নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের। সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির নজিরবিহীন জালিয়াতি ও চরম ব্যর্থতার চিত্র সামনে এসেছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এই কলেজটি থেকে এবারের পরীক্ষায় অংশ নেওয়া ৫ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য (ফেল) হয়েছেন। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশ (০%)।

প্রাপ্ত ফলাফলের কপি ও অনুসন্ধানে দেখা যায়, কলেজটির EIIN নম্বর ১৩৭৭৭৪। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান ও মানবিক বিভাগ মিলিয়ে মাত্র ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। চূড়ান্ত ফলাফলে তাঁদের একজনও পাস করতে পারেননি। এই ফল প্রকাশের পর থেকেই প্রতিষ্ঠানটির প্রশাসনিক বৈধতা, শিক্ষা কার্যক্রম এবং পরিচালনা ব্যবস্থা নিয়ে স্থানীয় শিক্ষা মহলে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

বাস্তবে নেই ক্যাম্পাস, ঝুলছে রহস্যের তালা:
অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটির ঠিকানা বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় উল্লেখ থাকলেও বাস্তবে এর কোনো দৃশ্যমান ক্যাম্পাস, সাইনবোর্ড কিংবা স্থায়ী অবকাঠামোর সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, আগে একটি ছোট কক্ষে নামমাত্র অফিস কার্যক্রম চালানো হলেও বর্তমানে সেটিও সম্পূর্ণ বন্ধ রয়েছে। কলেজটির সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেওয়া এক ব্যক্তির বক্তব্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানটির কোনো নিজস্ব ক্যাম্পাস নেই। এমনকি সেখানে কোনো স্থায়ী অধ্যক্ষ কিংবা নিয়মিত শিক্ষক আছেন কি না—সে বিষয়েও চরম অসংগতি রয়েছে।

প্রশাসন ও শিক্ষা কর্মকর্তার বিস্ময়:
একটি শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে কোনো দৃশ্যমান ক্যাম্পাস এবং শিক্ষক ছাড়া বছরের পর বছর শিক্ষা বোর্ডের অধীনে কার্যক্রম চালিয়ে আসছে, তা নিয়ে বিস্মিত স্থানীয় প্রশাসন। এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, এই নামে চৌমুহনীতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বাস্তব অস্তিত্ব সম্পর্কে তাঁর জানা নেই।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ:
কোনো দৃশ্যমান পাঠদান ছাড়াই কীভাবে শিক্ষার্থীরা এই কলেজের নামে পরীক্ষার ফরম পূরণ (রেজিস্ট্রেশন) করছে এবং কারাই বা এর নেপথ্যে থেকে ফায়দা লুটছে, তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন স্থানীয় সচেতন অভিভাবক মহল। নামসর্বস্ব ও অস্তিত্বহীন এই ধরনের ভুয়ো প্রতিষ্ঠানের কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনই শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মনে করছেন শিক্ষাবিদরা।

কুমিল্লা শিক্ষা বোর্ড ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই ‘ভুতুড়ে’ কলেজের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি উঠেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ, তদন্ত কমিটির সিদ্ধান্ত এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের বক্তব্য সংগ্রহের চেষ্টা করছে নোয়াখালী খবর এক্সপ্রেস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *